ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরের প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়ে বলেন, নূরুল কবিরকে দফায় দফায় প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা উদ্বেগজনক। একজন সম্পাদককে হত্যার হুমকি নাগরিকের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের প্রতি হুমকি ছাড়া কিছুই নয়। এটা দেশের গণতন্ত্র বিকাশেও অন্তরায়।
বিবৃতি আরো বলা হয়, নূরুল কবিরকে বার বার হত্যার হুমকি দেওয়ার পর বিষয়টি থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জানানো হয়েছে। আজকালকার যুগে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে অপরাধীদের অবস্থান সনাক্ত ও পাকড়াও করা দুরূহ নয়। অথচ এক্ষেত্রে তা হয়নি।
মাহবুবুল আলম (দি ইন্ডিপেডেন্ট), রাহাত খান (ইত্তেফাক), গোলাম সারোয়ার (সমকাল), মতিউর রহমান (প্রথম আলো), মাহফুজ আনাম (ডেইলি স্টার), রিয়াজউদ্দিন আহমেদ (নিউজ টুডে), আতিকউল্লুাহ খান মাসুদ (জনকণ্ঠ), আবেদ খান (কালের কণ্ঠ), সালমা ইসলাম (যুগান্তর), মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), এএমএম বাহাউদ্দিন (ইনকিলাব), নাঈমুল ইসলাম খান (আমাদের সময়), শ্যামল দত্ত (ভোরের কাগজ), খন্দকার মনিরুজ্জামান (সংবাদ) ও কাজী রোকনউদ্দিন আহমেদ (যায়যায়দিন) বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৬১৬ ঘ.
bdnews24