ঠাকুরগাঁও, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
নিহতের নাম আব্দুল কাইয়ুম (৩০)। তার বাড়ি হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামে।
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মাহফুজ আলম।
স্থানীয়রা জানায়, রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর মেইন সীমানা পিলারের ওপার থেকে বিএসএফের শ্রীপুর ফাঁড়ির সদস্যরা সকাল ৫টার দিকে কাইয়ুমকে লক্ষ করে গুলি চালায়। গুলিবিদ্ধ কাইয়ুমকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
কাইয়ুমের সঙ্গে বুধু মিয়া নামে এক ভারতীয় ছিলো জানিয়ে এলাকাবাসী বলছে, বিএসএফের গুলিতে সেও মারা যায়। তার লাশ ওপারেই রয়েছে।
পুলিশ বলছে, কাইয়ুম মাদক বিক্রেতা, সে ওপার থেকে ফেনসিডিল নিয়ে আসতো।
রাণীশংকৈল থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাইয়ুমের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24