২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে বিডিআরপ্রধান

গত এক মাসে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে কয়েক দফা গোলাগুলির প্রেক্ষাপটে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম মঙ্গলবার সিলেট সীমান্ত পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

সিলেট, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক মাসে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে কয়েক দফা গোলাগুলির প্রেক্ষাপটে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম মঙ্গলবার সিলেট সীমান্ত পরিদর্শন করেছেন। সীমান্ত বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি। গোলাগুলির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিএসএফের প্রতি আহ্বান জানিয়েছেন বিডিআরপ্রধান। মইনুল ইসলাম সকালে সিলেটের জৈন্তা সীমান্ত এলাকার বিরোধপূর্ণ জমিসহ সীমান্তের পিলার পরিদর্শন করেন। ১২৮৪ নম্বর পিলারের কাছে প্রতাপপুর সীমান্তে ভারতের শিলং সেক্টরের ডিআইজি এ কে ভার্গনের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৭ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক পর্যন্ত কোনো ধরনের 'আগ্রাসন' চালাবে না বলে বিএসএফ আশ্বস্ত করেছে। বিডিআর মহাপরিচালক বলেন, "সিলেটসহ দেশের সব সীমান্ত বিরোধ রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। যেখানে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, সেখানে উভয় পক্ষকে ধৈর্যের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে। গুলি কোনো সমাধান নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।" জানুয়ারিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সীমান্তের বিরোধপূর্ণ ভূমি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালের বাউন্ডারি ল্যান্ড এগ্রিমেন্ট মোতাবেক জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্র"প শিগগিরই কাজ শুরু করবে এবং সিলেট থেকেই এ কাজ শুরু হবে। তিনি জানান, ২০০৬ সালে জয়েন্ট বর্ডার ওয়ার্কিং কমিটির বৈঠকে বিরোধপূর্ণ জমির একটি তালিকা হয়। "সে তালিকা মানলে এ সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। বিএসএফ এর পুরোটাই অপদখলীয় বলে আসছে। কিন্তু তা ঠিক নয়। এর পরিমাণ মাত্র ৮ একর", বলেন মইনুল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টর অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের বৈঠক হয়েছে বলেও জানান তিনি। বিএসএফের গুলিবর্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা সব সময় সংযম দেখিয়ে আসছে জানিয়ে বিডিআরপ্রধান বলেন, "বিডিআর কখনোই আগে গুলি করে না। তবে বিএসএফ আগ্রাসী ভূমিকা নিলে বিডিআর এর জবাব দেয়। এখানে দুর্বলতার কোনো প্রশ্ন নেই। আক্রান্ত হলে প্রতিহত করার অধিকার সবার রয়েছে।" নতুন নাম এবং নতুন পোশাকে দেশের সীমান্তরক্ষী বাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করেন মইনুল। বিডিআরপ্রধান জৈন্তাপুর সীমান্তের তামাবিল, সংগ্রাম, পাদুয়াসহ সীমান্ত ফাঁড়িগুলো পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.