২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীতে আরো এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 05:59 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীতে আরো এক জন নিহত হয়েছে। কোতোয়ালি থানার ইংলিশ রোডের মুন টেইলার্সের সামনে মঙ্গলবার ভোররাতে মামুনুর রশিদ ওরফে কালা মামুন (২৯) নামে ওই ব্যক্তি নিহত হয় বলে র‌্যাব জানিয়েছে। গত রোববার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় দুজন। র‌্যাব-১০ এর কর্মকর্তা মেজর মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "রাত ৩টার দিকে র‌্যাবের একটি দল টহল দেওয়ার সময় ইংলিশ রোডে ১০/১২ জন যুবকের একটি জটলা দেখে। র‌্যাব সদস্যরা সেদিকে গেলে তারা গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।" প্রায় ১৫ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর মামুনের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায় বলে র‌্যাব জানায়। মেজর মাহবুব বলেন, ঘটনাস্থলে একটি নাইন-এমএম পিস্তল, একটি সিক্স-এমএম পিস্তল এবং ৭ রাউন্ড গুলি পাওয়া গেছে। নিহত মামুনের বিরুদ্ধে পুরান ঢাকার বিভিন্ন থানায় হত্যার অভিযোগে দুটিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে জানিয়ে র‌্যাব দাবি করছে, মামুন একজন ভাড়াটে খুনি। মামুনের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বুলেটের ছয়টি চিহ্ন রয়েছে। মামুন দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্দা বাজার এলাকার আব্দুল মুন্নাফের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫৫ ঘ.