ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'তারেক রহমান: অপেক্ষায় বাংলাদেশ' শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে ফিতা কেটে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের রাষ্ট্রভাবনা, জনসেবা ও উন্নয়ন চিন্তা নিয়ে দেশের বিভিন্ন লেখক, শিক্ষাবিদ ও সাংবাদিকের লেখা ৫১টি রচনা ও প্রবন্ধ এতে স্থান পেয়েছে। রয়েছে ২০০৩ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন নিয়ে তারেকের কার্যক্রমের নানা দিক।
বইটির সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মাজিদুল ইসলাম, সাংবাদিক শওকত মাহমুদ ও আবদুল হাই শিকদার।
জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রকাশিত ৪৪০ পৃষ্ঠার এ বইয়ের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা (অফসেট কাগজ) ও ৫০০ টাকা (সাধারণ সাদা কাগজ)।
মোড়ক উন্মোচনের পর গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাজেদুল ইসলাম আলোচনা করেন।
আবদুল হাই শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে শওকত মাহমুদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মহাসচিব ডা. ফরহাদ হালিম ডোনার স্বাগত বক্তব্য রাখেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিঞা, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাহান ওমর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিভিন্ন স্তরের নেতা, সাংসদ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারেক রহমান ১৯৯২ সালে বগুড়ার গাবতলী থানা শাখায় এক নম্বর সদস্যপদ গ্রহণ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সালের সংসদ নির্বাচনে দলের নেপথ্যে থেকে কাজ করেন তিনি। এরপর ২০০২ সালের জুন মাসে বিএনপির স্থায়ী কমিটি তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৩ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ২০০৮ সালের সেপ্টম্বর মাসের প্রথম দিকে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।
বিদেশে থাকা অবস্থায়ই তারেক গত বছরের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৮২১ ঘ.
bdnews24