২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত শেষেই যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

তদন্ত শেষেই যুদ্ধাপরাধীদের তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত শেষেই যুদ্ধাপরাধীদের তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, "তদন্তের পরই জানা যাবে কারা অপরাধী এবং কাদের বিচার করতে হবে। তদন্তের মাধ্যমেই অপরাধীদের তালিকা চূড়ান্ত করা যাবে। তালিকা চূড়ান্ত করে তা জনগণের সামনে প্রকাশ করা হবে।" এর আগে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসবাদবিরোধী সমন্বয়কারী গিলস ডি কার্সভ-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় তারা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেন। সরকারের তৈরি বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত যুদ্ধাপরাধীদের তালিকা নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, "এ বিষয়ে আমি অজ্ঞ, আমার কিছু জানা নেই। তালিকার বিষয়ে কারো সঙ্গে আমার আলোচনাও হয়নি।" যুদ্ধাপরাধীদের বিচার এবং তদন্ত প্রক্রিয়া শুরুর বিষয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইনজীবী নিয়োগসহ আনুসঙ্গিক কার্যাবলী প্রক্রিয়াধীন আছে। যত দ্রুত সম্ভব বিষয়টি সরকার চূড়ান্ত করবে। আইন উপেক্ষা করে যা-ই করা হোক তা-ই অপরাধ মন্তব্য করে তিনি বলেন, "তাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থা সবই একই রকম অপরাধের মধ্যে গণ্য হবে।" সন্ত্রাস দমনে আইন যথেষ্ট হলেও আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না স্বীকার করে মন্ত্রী বলেন, "তদন্তের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা যথাযথভাবে তদন্ত করে রিপোর্ট দিচ্ছেন না।" বৈঠকে ইইউ প্রতিনিধিদল বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একটি ট্রেনিং ইনস্টিটিউট গঠনের প্রস্তাব দেন। এ ব্যাপারে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগের দক্ষতার কথা তাদের জানিয়েছি। তারপরও তাদের প্রস্তাব লিখিত আকারে পেলে, এ নিয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৮২১ ঘ.