ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কেরানীগঞ্জে দুজন নিহত হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে রোববার ভোররাতে ওই দুজন 'বন্দুকযুদ্ধে' মারা যায় বলে র্যাব জানিয়েছে। তবে নিহত একজনের মা দাবি করেছে, তার ছেলেকে শনিবার সকালেই র্যাব আটক করে।
নিহতরা হলেন- বাপ্পী ওরফে পাপ্পু (২৬) ও আব্দুস সাত্তার (২৫)। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-১০ এর কর্মকর্তা এবিএম এনামুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জে অভিযানে যায়। রাত দেড়টার দিকে ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুকুর পাড়ে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।"
দুই পক্ষের 'বন্দুকযুদ্ধ'র পর অপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে বাপ্পী ও সাত্তারের লাশ ঘটনাস্থলে পাওয়া যায় বলে র্যাব জানায়।
র্যাব কর্মকর্তা এনামুল বলেন, ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, রিভলবারের ১৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।
'বন্দুকযুদ্ধে' র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
ময়না তদন্তের জন্য লাশ দুটি মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
বাপ্পীর বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা বান্দুরা এলাকায়, তবে তিনি মিরপুর সাড়ে ১১ নম্বরে থাকতেন বলে তার মা শাহীনা বেগম সাংবাদিকদের জানান।
তিনি বলেন, "শনিবার সকালেই র্যাবের একটি দল বাপ্পীকে মিরপুর থেকে আটক করে।"
তার ছেলে মিরপুরে একটি ফোন-ফ্যাক্সের দোকান চালাতেন বলে শাহীনা জানান। তিনি বলেন, বাপ্পীর স্ত্রী চম্পা বেগমও থাকেন মিরপুরে।
তবে স্থানীয়রা বলছে, কেরানীগঞ্জে বাপ্পীর আনাগোনা ছিলো। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সাত্তারের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগে। ওসি জানান, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একটিসহ দুটি মামলা রয়েছে।
এ মাসের মাঝামাঝিতে খেজুরবাগে দু'যুবককে খুন করা হয়। ওই হত্যাকাণ্ডে বাপ্পী ও সাত্তার জড়িত বলে র্যাব দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24