রংপুর,ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজের তিন ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার রাতে ডা. মুক্তা ছাত্রাবাসে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- সোহাগ, ইমু ও আরিফ। তাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজ সংলগ্ন ধাপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ওই তিনজনের ওপর হামলা হয়।
আহত সোহাগের সহপাঠি রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের একদল কর্মী ছাত্রাবাসের সামনে সোহাগ, ইমু ও আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
ঘটনার পর থেকে কলেজের তিনটি ছাত্রাবাসে উত্তেজনা চলছে। ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কিবরিয়া জানিয়েছেন।
তবে তিনজন আহত হওয়ার বিষয়ে রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আওয়ামী লীগ নেতারাও অসন্তোষ প্রকাশ করে আসছেন। এ মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24