২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানিয়ারচরে দুই চেয়ারম্যানের বাসায় হামলা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা ও নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়াম্যানের বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

রাঙামাটি, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির নানিয়ারচর উপজেলা ও নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়াম্যানের বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমার সরকারি বাসভবনের জানালা ভাংচুর করে এবং সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এর আগে তারা উপজেলা সদরের সিলেটি পাড়া নামক স্থানে সদর ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন চাকমার বাসার সীমানা প্রাচীর ভেঙে দেয়। এছাড়া দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন লক্ষ করে ঢিল ছোড়ে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক কামাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বাম্পি লেনের সিলেটি পাড়া নামক স্থানে দুই রাউন্ড ফাঁকা গুলির শব্দ হয়। এরপর ওই এলাকার কিছু বাঙালি যুবক দা-কিরিচ নিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান ও তার পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে এসআই কামাল জানান। তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে নানিয়ারচর উপজেলা প্রশাসন মিলনায়তনে পাহাড়ি-বাঙালি নেতাদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রীতিময় চাকমা ও ই্উএনও জহিরুল ইসলাম প্রমুখ। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ি-বাঙালি নেতারা এক সঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট সমন্বয়কারী শান্তি দেব চাকমা এক বিবৃতিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিন্দা জানান। তিনি ষড়যন্ত্রকারী ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৮ ঘ.