ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে জখম হয়েছে ছয় আরোহী।
সদর উপজেলার নন্দনপুরে চট্টগ্রাম-সিলেট মহাসড়কে শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড ফাঁড়ির সার্জেন্ট মো. সারোয়ার বলেন, বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি চালিত একটি যাত্রীবাহী টেম্পু সরাইল যাওয়ার পথে নন্দনপুরে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে টেম্পুটি দুমড়েমুচড়ে যায় এবং তাতে আগুন ধরে।
আহত ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রী পাড়ার দুলাল মিয়া (৩২), পাইকপাড়ার আকাশ দাস (২৮), সরাইলের উছালিয়া পাড়ার সাকিল মিয়া (২৫), ইব্রাহিম মিয়া (২২), কাউসার মিয়া (১৫) ও কালিকচ্ছ গ্রামের সুমনকে (২০) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সার্জেন্ট জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24