বাগেরহাট, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-খুলনা সড়কে শুক্রবার গাড়িচাপায় এক শিশু নিহত হয়েছে।
দুপুর ১২টার দিকে মাথাভাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
নিহত শিশুটির নাম শিপলু কাজী (৯)। সে খুলনা শহরের মৌলভীপাড়া এলাকার ইস্রাফিল কাজীর ছেলে।
পুলিশ কর্মকর্তা সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইস্রাফিল কাজী তার স্ত্রী ও ছেলে শিপলুকে নিয়ে বাস থেকে মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে নামেন। ওই সময় শিপলু দৌড়ে রাস্তা পেরোতে একটি পিকআপ তাকে চাপা দেয়।"
গাড়িচাপায় শিপলু ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। গাড়িটি আটক করা যায়নি।
ইস্রাফিল বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.
bdnews24