২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনলাইন দরপত্রে' টেন্ডারবাজি কমেছে: শিক্ষামন্ত্রী

অনলাইনে দরপত্র ডাকায় অনেক ক্ষেত্রে টেন্ডারবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে দরপত্র ডাকায় অনেক ক্ষেত্রে টেন্ডারবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার দুপুরে 'বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, "স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন ব্যবহার করে অনেক সুফল পাওয়া গেছে। ইতোমধ্যে অনলাইনে দরপত্র আহ্বান করায় অনেক ক্ষেত্রে টেন্ডারবাজি ও চাঁদাবজি বন্ধ হয়ে গেছে।" জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কানাডাভিত্তিক সাপ্তাহিক বেঙ্গলি টাইমস ও দি বাংলা ওয়েব এ অনুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুষ্ঠানের মিডিয়া সহযোগী। ২০১১ সালের মধ্যে দেশের সব শিশুকে বিদ্যালয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিশ্বের অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, "দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার তথা ইন্টারনেট ব্যবহার বাধ্যতামূলক করা হবে।" শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, "ইতোমধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কয়েক হাজার কম্পিউটার পাঠিয়েছি। কিন্তপ্রয়োজনীয় টেবিল চেয়ার নেই, বিদ্যুৎ নেই। অনেকে ভয়ে কম্পিউটারের বক্সটি পর্যন্ত খোলেনি। এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে।" নতুন শিক্ষা নীতি বায়স্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, "অনেক বাধা আসছে। কিন্তু এটি বায়স্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনন্দ কম্পিউটার ও বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী মোস্তফা জব্বার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারেয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। 'অনলাইন-বাংলা বিশ্বময়'-এ স্লোগানে দিনব্যাপি সম্মেলনে অনলাইন-নির্ভর প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭৫৩