২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণায় বাধা নেই

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে করা পাঁচটি রিট বৃহস্পতিবার খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে করা পাঁচটি রিট বৃহস্পতিবার খারিজ করেছে হাইকোর্ট। ফলে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে কোন বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রিটগুলো খারিজ করে রায় দেয়। নির্বাচন কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনগুলো খারিজ হওয়ায় ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন তাড়াতাড়ি করে নেওয়ার পথে আর কোন বাধা নেই।" রায়ের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসিসি নির্বাচন আমরাও খুব তাড়াতাড়ি করতে চাই।" রায়ের কপি হাতে পেয়ে রোববারই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন বৈঠকে বসবে বলে জানান তিনি। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, "সীমানা পুনর্নির্ধারণের বিষয়টিতে ঘটনার প্রশ্ন জড়িত। ঘটনার প্রশ্ন রিট এখতিয়ারে নিষ্পত্তি করা যায় না। এছাড়া আইনগতভাবে কোন ভুল করা না হলে বা বেআইনি কোন কাজ করা না হলে রিট এখতিয়ারে সীমানা পুনর্নির্ধারণের বিষয় বিবেচনা করা যায় না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নজির রয়েছে। তাই রিটগুলো খারিজ করা হলো।" ১৫ ফেব্র"য়ারি ঢাকা সিটি করপোরেশনের একজন ভোটার ও নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক সাজ্জাদ হোসেনের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ঢাকা সিটি করপোরেশনের তফসিল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি সমান সংখ্যক ভোটার ভাগ করে নতুন এলাকাসহ ঢাকা সিটি করপোরেশনের ৯০টি ওয়ার্ডের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করা হয়। এছাড়া আবদুল কুদ্দুস, শামীম মোল্লা, সৈয়দ মহিউদ্দিন ও বাবুল শেখের আরও চারটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত রুলনিশি জারি করেছিল। বৃহস্পতিবার আদালত পাঁচটি রিট আবেদনই খারিজ করে দেয়। সাজ্জাদ হোসেনের রিট আবেদনে দেওয়া স্থগিতাদেশও আদালত প্রত্যাহার করে নেয়। রিটকারীপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক। তিনি বলেন, "রিটকারীপক্ষ বলেছে, ঢাকা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে ত্র"টি-বিচ্যুতি ছিল। ১২টি ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভূক্ত করা হয়নি। আসলে এই ১২টি ওয়ার্ড নতুন ৯১ ও ৯২ নম্বর এবং পুরনো ১, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাই সীমানা নির্ধারণে কোনো ত্র"টি হয়নি। আদালত এসব বিবেচনায় রিটগুলো খারিজ করে দিয়েছে।" সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ ও সমরেন্দ্র নাথ বিশ্বাস। মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডিসিসি নির্বাচন প্রসঙ্গে বলেন, "আদালত রায়ে বলেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য সীমানা নির্ধারণের কাজ চলছে। চলমান প্রক্রিয়ায় ছোটখাটো কাজ সম্পন্ন করে মেয়াদ উত্তীর্ণ নির্বাচন করে নেওয়াই বাঞ্ছনীয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৯২৬ ঘ.