ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির'র আট সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার হেফাজতে নিয়েছে পুলিশ।
এর মধ্যে দু'জনকে দু'দিন এবং বাকি ছয়জনকে একদিনের হেফাজতে নেওয়া হয় বলে আদালতের সংশ্লিষ্ট বিভাগের পুলিশ উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুই পৃথক বিচারক এ আদেশ দেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব এলাকায় হিজবুত তাহরিরের মিছিল থেকে শাহবাগ পুলিশ ওমর ফারুক ও সিফাত নামের দু'জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। বুধবার তাদের আদালতে হাজির করে সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন জানালে হাকিম মুমিনুল হাসান দু'দিন মঞ্জুর করেন।
এ ছাড়া মীরপুর থানা পুলিশ একইদিন ৫৪ ধারায় গ্রেপ্তার করে আল মামুন, শাহেদ, সুপ্রিম, মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান ও স্বাধীনকে। তাদের পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত একদিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২০০০ ঘ.
bdnews24