ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের বুয়েট শাখা সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তীর বিরুদ্ধে চাঁদা নেওয়া ও হুমকির অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হল কেন্টিনের তত্ত্বাবধায়ক মো. মাকসুদুর রহমান।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, বুয়েট ভারপ্রাপ্ত সভাপতি, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষকে মঙ্গলবার পৃথক চার চিঠিতে চাঁদা নেওয়ার অভিযোগ জানান মাকসুদুর।
অভিযোগে বলা হয়, ১৭ জানূুয়ারি অমিত কুমার চক্রবর্তী ও ড. এম এ রশিদ হলের সাবেক ছাত্র মতিউর রহমান শামীম নজরুল ইসলাম হলের ক্যান্টিন খোলা ও নিরাপত্তার জন্য মাসে ৫০ হাজার টাকা চাঁদা চান।
পরে ১০ হাজার টাকা চাঁদা দিতে সম্মত হন জানিয়ে মাকসুদুর তার অভিযোগে বলেন, ১৫ ফেব্র"য়ারি প্রথম দফার টাকা শহীদ স্মৃতি হলের ২৩০৯ নম্বর কক্ষে অমিতকে দিয়ে আসেন তার ছোট ভাই মোঃ সাঈদ।
বুধবার মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ করায় বুধবার সকালে অমিতের লোকজন তাকে দিয়ে একটি কাগজে 'চাঁদা নেওয়া হয়নি' লিখিয়ে নেয়।
তিনি জানান, ভবিষ্যতে তাদের কথা মানা না হলে পরিণতি ভালো হবে না বলেও বুধবার হুমকি দেয় অমিতের লোকজন।
অভিযোগ প্রসঙ্গে বুয়েট ছাত্রলীগ সভাপতি আবু রায়হান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতে অভিযোগ পেয়েছি। আমার জানামতে অন্যদের হাতেও অভিযোগপত্র পৌছেছে।"
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবেন জানান আবু রায়হান।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন এবং অভিযুক্ত অমিত কুমার চক্রবর্তীর মোবাইলে ফোন করা হলে তারা ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৪৬ ঘ.
bdnews24