রাজশাহী, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী খুন ও হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করতে আবারো দুদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রথম দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার বিকালে তাকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মতিহার থানা পুলিশ তাকে আবারো জিজ্ঞসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম দুদিনের অনুমতি দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর শিবিরের হামলার মামলায় ১৭ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ আবুল কালাম আজাদ ও রাজশাহী পলিটেকনিক শাখা শিবিরের সাবেক সভাপতি তারেক সাইফুল্লাহকে আটক করে।
তারেককেও পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, আরো জিজ্ঞাসাবাদ করতে আবুল কালাম আজাদকে দুদিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
তারেককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
৮ ফেব্র"য়ারি রাতভর রাবিতে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক খুন হন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় একটি হত্যাসহ ছয়টি মামলা হয়েছে। পুলিশ রাজশাহী জামায়াতের তিন নেতাসহ প্রায় একশ' জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে মহানগর জামায়াতের আমির আতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24