গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামে সোমবার গভীর রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।
এ সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নওশের আলী বলেন, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত গ্রামের রাঙ্গু শরীফ ও তার ভাড়াটিয়া মনিরুজ্জামানের ঘরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের হাতপা বেঁধে স্বর্ণালঙ্কারসহ অন্তত একলাখ টাকার মাল নিয়ে যায়।
এরপর রাত ৪টার দিকে তারা পাশের মো. মহসিন শরীফের ঘরে ঢুকে ডাকাতি করে। লুটপাটের পর চলে যাওয়ার সময় লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তারা এক ডাকাতকে পিটুনী দেয়। এতে ঘটনাস্থলে ওই ডাকাত মারা যায়। অপর ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।
সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম শহীদ বলেন, ডাকাতি ও হত্যার ঘটনায় পৃথক দু'টি মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24