চাঁদপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলা সদরে সোমবার সন্ধ্যায় একদল ছাত্রলীগ কর্মী এক সরকারি কর্মকর্তাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে তিনি কচুয়া পৌর বাজারের সরকারি জমিতে অবৈধভাবে একটি দোকানঘর নির্মাণকালে তা উচ্ছেদ করেন। এরপর নিজ কার্যালয়ে চলে আসেন।
সন্ধ্যায় অফিসে কাজ করার সময় এমরান ও মামুন নামের দুজনসহ কয়েকজন যুবক এসে লাঠি ও রড দিয়ে তাকে মারধর করলে তার মাথা ফেটে যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব প্রাঞ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনাটি শুনেছি। যারা সহকারী কমিশনারকে মারধর করেছে তাদের মধ্যে এমরান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। আর মামুন ছাত্রলীগের কোনো নেতা বা কর্মী নয়। তবে মামুন যুবলীগ নেতাদের সঙ্গে চলাফেরা করে।
কচুয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় ইউএনও অফিসে সহকারী কমিশনারকে কে বা কারা মারধর করার ঘটনাটি আমরা শুনেছি। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/২১৩৫ ঘ.
bdnews24