ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম হুমায়ুন কবিরকে প্রত্যাহার করা হয়েছে।
ভূমি বিরোধকে কেন্দ্র করে বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের তিনদিনের মাথায় তাকে প্রত্যাহার করা হলো।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বশিরুল হক ভূঁইয়া।
এছাড়া দুইজন যুগ্ম-সচিব ও দুই উপসচিবসহ বেশ কয়েকটি পদেও এদিন রদবদল আনা হয়।
যুগ্ম-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব জ্ঞানরঞ্জন শীলকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বস্ত্র অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ হানিফকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
উপসচিবদের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক মুহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম ওয়াসার সদস্য এবং চট্টগ্রাম ওয়াসার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত উপসচিব ইমতিয়াজ হোসেনকে বিপিসি চট্টগ্রামের পরিচালক করে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব নেছার আহমেদ বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১২৫ ঘ.
bdnews24