২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহের বিচার শুরু মঙ্গলবার

ঢাকায় বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে মঙ্গলবার দুপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 02:13 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে মঙ্গলবার দুপুরে। এক বছর আগে পিলখানার যে দরবার হল থেকে রক্তক্ষয়ী বিদ্রোহ শুরু হয়েছিল সেখানে স্থাপিত বিশেষ আদালত-৫ এ দুপুর ১২টায় শুরু হবে বিচার কার্যক্রম। বিডিআরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ৮০ জনের মতো অভিযুক্তকে এই আদালতে হাজির করা হতে পারে। বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করবেন। এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে থাকবেন মোহাম্মদ কিসলু। প্রথম দফায় পিলখানায় অবস্থিত ঢাকা সেক্টর সদরদপ্তরের বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত বিদ্রোহের বিচার এই আদালতে সম্পন্ন হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের জন্যে প্রচলিত আদালতে বিচারকাজ হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। এরপর সাতক্ষীরা, ফেনী ও ঠাকুরগাঁওয়ের বিশেষ আদালতেও বিদ্রোহের বিচার কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএনএ/২০৪৪ ঘ.