২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

জামালপুর ও সীরাজগঞ্জে সোমবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 12:56 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর ও সীরাজগঞ্জে সোমবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এর মধ্যে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী তৃষা (৭) মারা গেছে। সিরাজগঞ্জের গজারিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে স্কুলছাত্র বাবলু (১৩)। দুর্ঘটনার পর দুটি স্থানেই বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর: জামালপুর: সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জামালপুরের ইকরা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী তৃষা স্কুল থেকে ফেরার সময় একটি বালিভর্তি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ট্রাকটি আটক করলে জনতা অবরোধ তুলে নেয়। সিরাজগঞ্জ: সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাবলু বাড়ি থেকে সাইকেলে করে স্কুলে আসার পথে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের গজারিয়া নামক স্থানে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুর ৩টা থেকে দু'ঘন্টা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৫৩ ঘ.