২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ডোমেইন আসছে

ইন্টারনেট ডোমেইনে '.বাংলা' অন্তর্ভুক্ত করতে রোববার আইসিএএনএন-এ আনুষ্ঠানিক আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 04:23 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেট ডোমেইনে '.বাংলা' অন্তর্ভুক্ত করতে রোববার আইসিএএনএন-এ আনুষ্ঠানিক আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে '.বাংলা' কান্ট্রি কোড টপ লেভেলে অন্তর্ভুক্ত হবে। প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে ছয় থেকে নয় মাস। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর হেয়ার রোডের বাসভবন যমুনা থেকে তিনি এটি ইন্টারনেটের মাধ্যমে এটি জমা দেন। এর ফলে বাংলা ভাষায় পছন্দমতো ডোমেইন নাম নির্বাচন করা যাবে। একইসঙ্গে বাংলা ভাষায় ওয়েবঠিকানা লিখে ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে বিটিআরসি। এ পর্যন্ত ১৭টি দেশ তাদের মাতৃভাষাকে ডোমেইনে অন্তর্ভুক্তির আবেদন করেছে। চলতি বছরের ২১ জানুয়ারি মিশর, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি ও সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে প্রাথমিক স্ট্রিং হিসেবে '.বাংলা' ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তনশীল স্ট্রিং হিসেবে ব্যবহৃত হবে '.বাংলাদেশ', '.বং', '.বঙ্গ', '.বিডি'। এর ফলে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি ত্বরান্বিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২২১৭ ঘ.