নোয়াখালী, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
সংঘর্ষের সময় বাজারে ১০টি দোকান ভাংচুর ও লুটপাট হয় বলেও পুলিশ জানায়।
নিহতের নাম শাহ আলম (৪০)। আমিশাপাড়া বাজারের একটি রেস্তোরাঁর মালিক আলমকে নিজেদের কর্মী দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ।
নোয়াখালীর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে কোন দল আগে ফুল দেবে তা নিয়ে একুশের প্রথম প্রহরের আগেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দফায় দফায় সংঘাত চলে। এরই মধ্যে আলম বুকে আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় তাকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আলমের মৃত্যুর খবরে রাত ২টার দিকে দুই পক্ষে আবার সংঘর্ষ বাধে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আমিশাপাড়া বাজারে ওষুধের দোকান, হোটেল, পান দোকানসহ ১০টি দোকানে ভাংচুর চালায় উভয়পক্ষের কর্মীরা।
সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আলমকে আওয়ামী লীগের কর্মী দাবি করেছেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম বাবুল।
তিনি সাংবাদিকদের বলেছেন, বিএনপিকর্মীদের হামলায় আলম মারা গেছেন।
এদিকে ভাংচুরের প্রতিবাদে আমিশাপাড়া বাজারের ব্যবসায়ীরা রোববার সব দোকানপাট বন্ধ রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24