ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় নিহত হয়েছেন একজন নারী ও এক শিশু। একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
নিহতরা হলেন- নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের কাজল বিশ্বাসের স্ত্রী জয়ন্তিকা বিশ্বাস (২০) এবং একই উপজেলার ভলাকুট গ্রামের বিন্দু খাঁর মেয়ে শারমিন আক্তার (৯)।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাতে পারিবারিক কলহের জের ধরে গোকর্ণ গ্রামের কাজল বিশ্বাস তার স্ত্রী জয়ন্তিকাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক কাজল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরো জানান, একই উপজেলার ভলাকুট গ্রামের বিন্দু খাঁর মেয়ে শারমিন শুক্রবার রাতে একই গ্রামের একটি উৎসবে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়।
এসব ঘটনায় নাসিরনগর থানায় দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০২ ঘ.
bdnews24