২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ নিয়ে ঢাকা-দিল্লি তৃতীয় সমঝোতা

খুলনায় কয়লাভিত্তিক একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনসহ আরো সহযোগিতা নিতে দিল্লির সঙ্গে লিখিত সমঝোতা করেছে ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় কয়লাভিত্তিক একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনসহ আরো সহযোগিতা নিতে দিল্লির সঙ্গে লিখিত সমঝোতা করেছে ঢাকা। শুক্রবার একক বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শনিবার প্রতিবেশী দুদেশের মধ্যে তৃতীয় এ সমঝোতা স্মারক সই হলো। শনিবার কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং এ ধরনের আরো কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই, মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদন ক্ষমতা কমে যাওয়া কেন্দ্রগুলো মেরামতে সহযোগিতার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কম্পানির (এনটিপিসি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতায় পৌঁছে। পিডিবির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাকরাইলের বাংলাদেশ স্কাউটস কার্যালয়ে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও ভারতের বিদ্যুৎ সচিব এইচ এস ব্রহ্মা দুই দেশের পক্ষে স্বাক্ষর দেন। খুলনায় স্থাপনের জন্য প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট (৬৬০ মেগাওয়াটের দুই ইউনিট) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় হবে একশ ৮০ কোটি ডলার। পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রটির ব্যয় বহন করবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনেক অভিজ্ঞতা থাকায় এর ব্যবস্থাপনায় থাকবে এনটিপিসি। আমদানিকৃত কয়লা দিয়ে কেন্দ্রটির জ্বালানি চাহিদা মেটানো হবে। তবে কোথা থেকে আমদানি করা হবে সে সিদ্ধান্ত হবে জুলাইয়ে কেন্দ্রটির সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরুর পর। শুক্রবার রাতে বাংলাদেশ ও ভারতের জাতীয় গ্রিডে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন নিয়ে এনটিপিসি ও পিডিবির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সকালে বিদ্যুৎ বিষয়ক ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির সচিব পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়। একইদিন তিন বছরের মধ্যে খুলনায় কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একমত হয়। বিদ্যুৎ সচিব আজাদ শুক্রবার সাংবাদিকদের জানান, সঞ্চালন লাইন স্থাপনের জন্য কমিটি ২৮ ফেব্র"য়ারি দরপত্র আহ্বান করার এবং জুলাই মাসে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে দুই বছর লাগবে। সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। এ বিদ্যুৎ ময়মনসিংহ (২০০ মেগাওয়াট) বা সিলেট (১৯৮ মেগাওয়াট) বা রংপুর (১৭৫ মেগাওয়াট) অঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/জিএনএ/২০৩৪ ঘ.