২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বুনো হামলায় মরলে লাখ টাকা'

বন্যপ্রাণীর আক্রমণে কারো মৃত্যু হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 12:55 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যপ্রাণীর আক্রমণে কারো মৃত্যু হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাবিত একটি নীতিমালায় বলা হয়েছে, মানুষ মারা গেলে দুই লাখ টাকা, পঙ্গু হলে এক লাখ, আহত হলে বিশ হাজার টাকা এবং আহত অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ নীতিমালা, ২০১০-র খসড়া তৈরি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আলোচনার পর তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।" বনের ভেতরে অনুমতিপ্রাপ্ত এবং নির্ধারিত সীমানার বাইরে কোনো ব্যক্তি বাঘ, হাতি, কুমির ও অজগর সাপের আক্রমণের শিকার হলেই কেবল এ ক্ষতিপূরণ পাবেন। প্রকৃতি সংরক্ষণে গবেষণায় নিয়োজিত এক সংস্থার ২০০৪ সালের একটি জরিপে দেখা গেছে, হাতির আক্রমণে এক বছরেই ২ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৬৩৮ টাকার সম্পদ বিনষ্ট হয়। একই সময়ে মানুষের প্রাণহানি ঘটেছে ৩৯ জনের। জরিপে বলা হয়, ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বন্যপ্রাণীর আক্রমণে নিহতের সংখ্যা ১৬২ জন। ৩৬০ জন হয় আহত। এ পাঁচ বছরে মানুষের হাতে ২২টি হাতিও মারা যায়। বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও নেচার কনজারভেশন সার্কেল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এ সময়ে বাঘ মারা পড়েছে ২৩টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকের হোসেন জন সংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে বনাঞ্চল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, "এজন্য ক্ষতিপূরণের উদ্যোগ ভালো। তবে বন্যপ্রাণীকে বনে ফিরিয়ে দিতে জনসচেতনতাও তৈরি করতে হবে।" নীতিমালায় ক্ষতিপূরণের যে প্রস্তাব রয়েছে মানুষ মারা গেলে দুই লাখ টাকা, পঙ্গু হলে এক লাখ, আহত হলে বিশ হাজার টাকা ও আহতকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। শস্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ দুই হাজার টাকা, ঘরবাড়ির জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং পোষা প্রাণী মারা গেলেও মৃত্যুকালীন বাজার মূল্য দেবে বন বিভাগ। বন্যপ্রাণী দ্বারা আক্রমণে মৃত্যু কিংবা আহত হলে এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি বিষয়ে সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট ফরেস্ট রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তার কাছে জানাতে হবে। থানায় সাধারণ ডায়েরি ও চিকিৎসকের সনদপত্র সংযুক্ত করে ক্ষতিপূরণ আবেদন করতে হবে। সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃতের ওয়ারিশের কাছে বিভাগীয় বন কর্মকর্তা এ ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/১৮৪৫ ঘ.