ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল বিএনপির আন্দোলনে নামার ঘোষণাকে আস্ফালন আখ্যা দিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এই আস্ফালনে সরকার ভীত নয়। রাজনৈতিকভাবে বিএনপির আন্দোলন কর্মসূচি মোকাবেলা করা হবে।
তিনি বলেন, "দমন-পীড়নের মাধ্যমে আমরা বিএনপিকে প্রতিহত করতে চাই না। সারা দেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সংগঠন রয়েছে। দলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে প্রতিহত করবে।"
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক অনুষ্ঠান শেষে বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের ঘাতক ও যুদ্বাপরাধীদের বিচার আগামী মাস থেকে শুরু হচ্ছে। এর মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিশু মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মেলা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ফাহিমা খাতুন।
এতে আরো বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আরম মোহাম্মদ শহীদ খান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এম আজিজুর রহমান প্রমুখ।
মেলায় জেলার পাঁচটি উপজেলার ৩৫টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১১ শিশুকে মেধা বৃত্তির টাকা ও সনদ দেওয়া হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24