ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের জাতীয় গ্রিডে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন হবে। তিন বছরের মধ্যে বাংলাদেশে স্থাপিত হবে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র।
শুক্রবার রাত ১০টার দিকে ভারতের দ্যা ন্যাশনাল থার্মাল পাওয়ার কো-অপারেশন (এনটিপিসি) এবং পিডিবি এ বিষয়ে দুটি চুক্তি করেছে।
বিদ্যুৎ বিষয়ক ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির এক বৈঠকে উল্লেখিত বিষয়ে সিদ্ধান্তের পর সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর হয়।
শুক্রবার বিকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সঞ্চালন লাইন স্থাপনের জন্য কমিটি ২৮ ফেব্র"য়ারি দরপত্র আহ্বান করার এবং জুলাই মাসে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে দুই বছর লাগবে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি খুলনায় নির্মিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। এ বিদ্যুৎ ময়মনসিংহ (২০০ মেগাওয়াট) বা সিলেট (১৯৮ মেগাওয়াট) বা রংপুর (১৭৫ মেগাওয়াট) অঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।
খুলনায় ১৩২০ মেগাওয়াট (৬৬০ মেগাওয়াটের দুই ইউনিট) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় হবে একশ ৮০ কোটি ডলার।
আজাদ বলেন, "পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রটির ব্যয় বহন করবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনেক অভিজ্ঞতা থাকায় এর ব্যবস্থাপনায় থাকবে এনটিপিসি।"
আমদানিকৃত কয়লা দিয়ে কেন্দ্রটির জ্বালানি চাহিদা মেটানো হবে। তবে কোথা থেকে আমদানি করা হবে সে সিদ্ধান্ত হবে জুলাইয়ে কেন্দ্রটির সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরুর পর।
ভারতের বিদ্যুৎ সচিব এইচ এস ব্রহ্মা জানান, ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে সস্তায় প্রতি ইউনিট বিদ্যুৎ ২-২.৫০ রুপিতে (৩-৩.৫০ টাকায়) বিক্রি করবে।
বাংলাদেশের আবাসিক গ্রাহকরা বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য প্রায় আড়াই টাকা দিচ্ছে।
আজাদ বলেন, "এই প্রকল্পের জন্য ১৩০ কিলোমিটার সঞ্চালন লাইন প্রয়োজন, যার ৪৫ কিলোমিটার বাংলাদেশে ও ৮৫ কিলোমিটার ভারতে স্থাপন করতে হবে।"
যৌথ কমিটিতে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সচিব নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন।
সঞ্চালন লাইনটি স্থাপনে বাংলাদেশ ১১০০ কোটি টাকা এবং ভারত প্রায় ২০০ কোটি টাকা খরচ করবে।
ব্রহ্মা জানান, সমঝোতা স্মারকটি হবে এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রথম ধাপ।
তিনি বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারের হার ও আওতা বাড়ানোর ওপর জোর দেন।
পিডিবির হিসাবে, বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যহারের হার ঘণ্টায় ১৮৪ কিলোওয়াট এবং ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়।
ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশের প্রতি বছর ২০০০-৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো উচিত মন্তব্য করে তিনি বলেন, "বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সহযোগিতা করতে আগ্রহী। যে বিদ্যুৎ রপ্তানি করা হবে তা সবচেয়ে সস্তায় দেওয়া হবে।"
সঞ্চালন লাইনটি বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তীতে বিদ্যুৎ আমদানি-রপ্তানি সংক্রান্ত আরো পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন ব্রহ্মা।
তিন বছরের মধ্যে নির্মাণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/জিএনএ/পিডি/২৩৩২ ঘ.
bdnews24