নীলফামারী, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২৩টি নালায় পানি সরবরাহ এখনো পর্যন্ত না হওয়ায় দুটি উপজেলার কমপক্ষে ছয় হাজার একর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
কৃষকরা বলছেন, তারা জমি তৈরি করে রাখলেও পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না। বীজতলায় চারা পড়ে আছে। আর শেষ পর্যন্ত পানি পাওয়া গেলেও বেশি বয়সী চারা রোপণ করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে না।
তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলার রামনগর, ইটাখোলা, চড়াইখোলা, সংগলসী, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী, কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ছয় হাজার একর জমিতে এই ২৩টি নালার মাধ্যমে সেচ দেওয়া হয়।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজির আহমেদ বলেছেন, চলতি অর্থবছর ২৩টি সেচ নালা সংস্কার করা হয়েছে। এতে খরচ হয়েছে এক কোটি ১০ লাখ টাকা।
সংস্কার ঠিক মতো হয়নি বলে কৃষকরা অভিযোগ করছেন। তারা বলছেন, পানি ছাড়লে নালা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। সে কারণে 'কৃষক গ্র"প' নালা 'ইজারা' নিতে চাচ্ছে না।
তারা জানান, প্রতি একর জমি সেচ দিতে পাউবোকে সাড়ে চারশ' টাকা দিতে হয়। এলাকা ভাগ করে কৃষক গ্র"প গঠন করে সেচের টাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এবার এরকম দায়িত্ব নিতে চাচ্ছে না কৃষকরা।
পাউবো কর্মকর্তারা জানান, সেচ নালা ইজারা দেওয়ার জন্য চার দফা দরপত্র আহ্বান করা হলেও কৃষক গ্র"প ইজারা নিতে আগ্রহ দেখাচ্ছে না।
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের হাফিজুর রশিদ মঞ্জু, রামনগর ইউনিয়নের চাদেরহাট এলাকার মাহালম আলী ও আলতাব আলীসহ কয়েকজন কৃষক জানিয়েছেন, ইরি- বোরো চারা রোপণের উপযুক্ত সময় মাঘ মাস।
পানি উন্নযন বোর্ডের সেচ নালার পানির আশায় জমি তৈরী করে বসে থাকতে থাকতে ফাল্গুন মাস এসে গেল। তবু পানি পাওয়া গেল না। এদিকে বীজতলায় দিন দিন চারার বয়স বেড়ে যাচ্ছে। বেশী বয়সের চারা রোপন করলে ফলন ভাল পাওয়া যায় না।
নালা সংস্কার ঠিক মত হয়নি- কৃষকদের এ অভিযোগের ব্যাপারে পাউবো কর্মকর্তা নাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদার দিয়ে কাজ করানো হয়েছে। প্রতি নালার কাজ উপস্থিত থেকে দেখা সম্ভব হয়নি। কোথাও কোথাও কাজের মান খারাপ হতে পারে।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর মঙ্গলবার দুপুরে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত পানি সরবরাহের পরামর্শ দিয়েছেন।
কৃষকরা বলছেন, পানি না পেলে ছয় হাজার একর জমিতে বোরো চাষ করা সম্ভব হবে না। এতে অন্তত ১৭ হাজার মেট্রিক টন ধান উৎপান হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24