ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান 'মনসেল এইকমকে' ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "যোগাযোগ মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানটিকে পরামর্শক নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়ে বলেছে- এরা ১০ দিনের মধ্যে কাজ শুরু করে তিন মাসের মধ্যেই শেষ করতে পারবে। নতুন করে কাউকে খুঁজতে হলে আরো ছয় মাস লেগে যাবে।"
অর্থমন্ত্রী জানান, ইতোমধ্যে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেডে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাক দরপত্র আহ্বান করা হয়েছে।
৪ মার্চ ওই দরপত্র খোলা হবে।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরামর্শক প্রতিষ্ঠানটির জন্য ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪০০ ডলার।"
এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ২ বিলিয়ন ডলার প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, দেশের যোগাযোগ খাতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে প্রথম প্রকল্প হিসেবে জয়দেবপুর-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে করা হবে বলে জানিয়েছেন আবদুল মুহিত।
মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে না করে বাংলাদেশ সরকারের সরকারের অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব দেয় যোগাযোগ মন্ত্রণালয়। তবে মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব নাকচ করে দেয়।
অর্থমন্ত্রী বলেন, "এটা যাতে পিপিপিতে হয় আমরা সে ব্যবস্থা করছি। যোগাযোগ খাতে পিপিপির জন্য প্রথম প্রয়োজন টোল রোড নীতিমালা। এতদিনে এটা হয়নি। যোগাযোগ মন্ত্রণালয়কে এটা করতে বলা হয়েছে।"
এ সড়ক নির্মাণ করতে তিন বছরের মতো লাগবে বলেও জানান মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জিএনএ/২১০৫ ঘ.
bdnews24