২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হাসিনার

জরুরি অবস্থার সময় আইনজীবীদের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সাহসী ভূমিকার জন্য আমি কৃতজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময় আইনজীবীদের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সাহসী ভূমিকার জন্য আমি কৃতজ্ঞ। বুধবার ঢাকা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়। ওই সময়ে শেখ হাসিনার হয়ে আইনি লড়াই চালানো আইনজীবীদের মধ্যে শফিক আহমেদ ও সাহারা খাতুন মহাজোট সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। হাসিনা প্রতিমন্ত্রী করেছেন তার কৌঁসুলি কামরুল ইসলামকেও। জরুরি অবস্থার সময় শেখ হাসিনার মতো গ্রেপ্তার হয়েছিলেন বিএনপি প্রধান খালেদা জিয়াও। তার আইনজীবীদের মধ্যে মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার পরে স্থান পান বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। শেখ হাসিনা বলেন, "আইনজীবীদের প্রচেষ্টার কারণেই দেরিতে হলেও বঙ্গবন্ধু হত্যা মামলার খুনিদের বিচারের পর শাস্তি হয়েছে।" গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি। ১০ তলা ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতিকে ২০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। ঢাকা আইনজীবী সমিতির নতুন ওয়েবসাইটও উদ্বোধন করেন তিনি। বিচার বিভাগ আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে হাসিনা বলেন, "বিচার বিভাগের আধুনিকায়ন আমরাই শুরু করেছিলাম। এ জন্য ২১৬ কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছিলাম। কিন্তু বিএনপি সে উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে।" বিচার প্রক্রিয়া দ্রুত করতে নিু আদালতে ২ শতাধিক বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিচার বিভাগ ডিজিটালাইজড করার উদ্যোগের কথাও জানান তিনি। অনুষ্ঠারে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকার যুগ্ম জেলা জজ নূরুল ইসলাম। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বাদল, সাধারণ সম্পাদক গাজী মো. শাহ আলম ছিলেন অনুষ্ঠানে। সমিতির বর্তমান ভবনের পাশেই ১০ তলা ভবনটি হবে। শাহ আলম সাংবাদিকদের জানান, আইনজীবীদের বসার জন্য কিউবিক্যালস, অডিটোরিয়াম, খেলাধূলার কক্ষ সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে নতুন ভবনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/২২১২ ঘ.