২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে হোসেন আবেদের নাইটহুড খেতাব গ্রহণ

রানি এলিজাবেথের দেওয়া নাইটহুড খেতাব মঙ্গলবার গ্রহণ করে ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হোসেন আবেদ বলেছেন, বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল করাই তার লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 04:52 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানি এলিজাবেথের দেওয়া নাইটহুড খেতাব মঙ্গলবার গ্রহণ করে ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হোসেন আবেদ বলেছেন, বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল করাই তার লক্ষ্য। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহ্যাম প্যালেসে রানি এলিজাবেথের পক্ষে প্রিন্স চার্লস আনুষ্ঠানিকভাবে ফজলে হোসেন আবেদকে নাইটহুড হিসেবে অভিষিক্ত করেন। আবেদই প্রথম বাংলাদেশি যিনি এ খেতাব পেলেন। এখন থেকে তিনি 'স্যার' হিসেবে পরিচিত হবেন। খেতাব গ্রহণের সময় আবেদের সঙ্গে ছিলেন তার স্ত্রী সারাওয়াত আবেদ এবং তাদের দুই সন্তান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য বিমোচন এবং দরিদ্র্যের ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আবেদকে এ খেতাব দেওয়া হলো। বাংলাদেশ থেকে শুরু হলেও বর্তমানে এশিয়া ও আফ্রিকার আটটি দেশে কাজ করছে ব্র্যাক। নাইটহুড খেতাব গ্রহণের পর লন্ডনের বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রেডফোর্ড-এ এক মতবিনিময় সভায় বলেন, "ব্র্যাক নিয়ে ৩৭ বছর ধরে গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ব্র্যাকের সাফল্য নিয়ে যাচ্ছি অন্য দেশেও।" রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, "আমার জীবনের একমাত্র লক্ষ্য বাংলাদেশে দারিদ্র্য বিমোচন। বাংলাদেশ গণতান্ত্রিক পন্থায় শাসিত হোক এটা আমার কাম্য। সুশাসন প্রতিষ্ঠায় ব্র্যাক ভূমিকা রেখে যাবে।" বাংলাদেশে ব্র্যাকের কার্যক্রম পরিচালনায় মৌলবাদীরা বাধা সৃষ্টি করছে কি না- জানতে চাওয়া হলে আবেদ বলেন, "বাধা মোকাবেলা করেই ব্র্যাক কাজ চালিয়ে যাচ্ছে। আর এ ক্ষেত্রে সব সরকারেরই সহযোগিতা পেয়ে আসছি।" জলবায়ু তহবিল পরিচালনা নিয়ে দাতা গোষ্ঠীর সঙ্গে সরকারের মতভেদের প্রতিক্রিয়া জানতে চাইলে ব্র্যাক চেয়ারম্যান বলেন, "বিশ্বব্যাংককে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই হয়তো এমনটা হচ্ছে। তবে আমি মনে করি, তহবিল কে পরিচালনা করবে, তা মুখ্য নয়। কাজটি হলো কি না, সেটাই মুখ্য।" মতবিনিময় সভায় ব্র্যাকের কার্যক্রমের বিষয়ে নানা তথ্য তুলে ধরেন আবেদন। দারিদ্র্য বিমোচনকে লক্ষ্য ঘোষণা করে ব্র্যাক বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলার ৪৮২টি উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য সেবা কর্মসূচিও রয়েছে তাদের। সারাদেশে প্রতিষ্ঠানের মোট কর্মী সংখ্যা ১ লাখ ১৯ হাজার ২৫৯; এর মধ্যে ৮১ হাজার ৬২ জন নারী। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, তানজানিয়া, উগান্ডা, সুদান, সিয়েরেলিয় ও লাইবেরিয়ায় ব্র্যাকের কার্যক্রম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৮ ঘ.