ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জলবায়ু তহবিল পরিচালনা নিয়ে দাতাদের সঙ্গে বাংলাদেশের মতবিরোধের 'নিষ্পত্তি' হয়েছে। সরকার এ বিষয়ে বিশ্বব্যাংকের 'কারিগরি ও আর্থিক ব্যবস্থাপনাগত' সহায়তা নিতে রাজি হয়েছে।
আগামী কয়েক সপ্তাহে এ বিষয়ে খুটিনাটি চূড়ান্ত হবে। আর তা হলে অবশেষে বাংলাদেশ সরকার প্রায় দুই বছর ধরে আলোচনার পর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড' চালু করবে এমন সম্ভাবনাই উজ্জ্বল হয়ে উঠেছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী বৈঠক শেষে মঙ্গলবার অর্থমন্ত্রী এএমএ মুহিত সাংবাদিকদের জানান, জলবায়ু তহবিলের সার্বিক পরিচালনার বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। পরিবেশ মন্ত্রণালয় এ পরিচালনার কাজটি করবে। সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কারিগরি সহায়তা চেয়েছিল। আর সরকারকে এই 'কারিগরি' সহায়তা দিতে উন্নয়ন সহযোগীরা বিশ্বব্যাংককে নির্বাচন করে।
প্রস্তাবিত 'মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড' সম্পর্কে তিনি বলেন, এব্যাপারে সরকার মোটাদাগে একমত। তবে সবাই বসে আরো পর্যালোচনা করে এর বিস্তারিত চূড়ান্ত করে এব্যাপারে জানানো হবে।
তবে মুহিত কারিগরি সহায়তার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে খুটিনাটি এখনো চূড়ান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএ/০০৩০ ঘ.
bdnews24