সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৬,(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে দুই বিদ্যুৎ কর্মকর্তার পর এবার ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার দুই কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘুষের টাকা লেনদেনের সময় মঙ্গলবার দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একজন কর্মকর্তা।
এরা হলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার ও শস্য সংরক্ষণ কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়।
দুদক'র খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের বরাত দিয়ে বাগেরহাট প্রতিনিধি জানান, আটককৃতরা মেসার্স শেখ ট্রেডার্স ও মেসার্স আলমগীর ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানকে কীটনাশকের লাইসেন্স দেওয়ার জন্য ঘুষ চান এই দুই কর্মকর্তা।
তারা বিষয়টি জানালে দুদক কর্মকর্তারা ফাঁদ পাতেন। এর অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে দুই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী দুই কর্মকর্তাকে ঘুষের টাকা দিতে যান। আটককৃতদের কাছ থেকে আড়াই হাজার টাকা উদ্ধার করা হয় বলে দুদক কর্মকর্তা জানান।
দুদক'র খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মেজর মো. রাশেদ আলীর বরাত দিয়ে সাতক্ষীরা প্রতিনিধি জানান, শেখ ট্রেডার্সের মো. নুরুল ইসলাম দেড় হাজার এবং আলমগীর ট্রেডার্সের মো. আলমগীর এক হাজার টাকা ঘুষ দিচ্ছিলেন।
মেজর রাশেদ আরো জানান, মোট ৩৩ হাজার ৫৮৩ টাকা ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার সমঝোতা হয়েছিল। প্রথম কিস্তি হিসাবে তারা দুই কৃষি কর্মকর্তাকে আড়াই হাজার টাকা দিচিছলেন।
দুদক কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের তালা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট-২ অঞ্চলের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপককে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে দুদক ও র্যাব সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24