গাজীপুর, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় মঙ্গলবার দুপুরে একটি সুতার কারখানায় আগুন লেগে বেশকিছু মালামাল পুড়ে গেছে।
গাজীপুর দমকল কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
আগুনে ৪০টি সোলার মেশিন, ৪০টি সুতার বিম, ৪০টি কাপড়ের রোল ও তুলাসহ প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২-৩ কোটি টাকা হতে পারে বলে দমকল কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24