নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারকে কৃষিবান্ধব দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
কৃষি উপকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি সহায়তা সহজলভ্য করতে পদক্ষেপ নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "খাদ্যের জন্য দেশকে আর অন্যের কাছে হাত পাততে হবে না।"
মঙ্গলবার নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের বালিকান্দি গ্রামে কৃষকদের মাঝে ডিজেল ভর্তুকির নগদ অর্থ সহায়তা ও কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, "কৃষকদের মুখে হাসি ফোটাতেই আমরা ক্ষমতায় এসেছি। আমরা এসেছি দেশের মানুষের সেবা করতে। তাই আগের ধারাবাহিকতায় আমরা এবারও কৃষকদের মঙ্গলের জন্য বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি।"
কৃষকরা যাতে কৃষি উপকরণসহ সকল সরকারি সহায়তা সহজভাবে পেতে পারেন সেজন্য সরকার কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রবর্তন করেছে। এই কর্মসূচির আওতায় দেশের এক কোটি ৮২ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, বলেন প্রধানমন্ত্রী।
ডিজেল ব্যবহারকারী বোরো চাষীদের জন্য কৃষি কার্ড ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, কৃষি কার্ডের ভিত্তিতে ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হবে। এ জন্য শুধুমাত্র ১০ টাকা দিয়ে কৃষকদের ব্যাংক হিসার খোলার সুবিধা দেওয়া হয়েছে। এই কৃষি কার্ড প্রবর্তনের মধ্য দিয়ে কৃষকদের জন্য সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের ব্যাংক ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা, সঞ্চয় ও আর্থিক কর্মকাণ্ড তথা ব্যবসা বাণিজ্যের প্রসার গ্রামীণ অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "৯৬-এ ক্ষমতা গ্রহণের পর আমরা কৃষকদের মঙ্গলের জন্য সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণে ভর্তুকি চালু করে কৃষি উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছিলাম। এর ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।
"কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে আমাদের সব অর্জনকে একের পর এক ধ্বংস করে দেয়। দেশে এক কোটি টন খাদ্য শস্যের ঘাটতি দেখা দেয়।"
সরকারের কৃষি বান্ধব বিভিন্ন কর্মসূচির বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সারের দাম কমিয়ে দিয়েছে। এখন আর সারের জন্য কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, সারই কৃষকদের পেছনে ছোটে।
তিনি বলেন, কৃষি খাতে ভতুর্কি, ডিজেলের মূল্যহ্রাস, বর্গাচার্ষীদের জন্য ঋণ বরাদ্দ এবং কৃষি ঋণের আওতা বাড়ানোসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে খাদ্য উৎপাদন বেড়েছে।
বিদ্যুৎ সঙ্কটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে সময়ের প্রয়োজন। তবু আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।"
বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন বাড়েনি দাবি করে শেখ হাসিনা বলেন, "এবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার কাজ করতে হচ্ছে। শুধু বিদ্যুৎ নয়, গ্যাস সঙ্কটও মোকাবেলা করতে হচ্ছে আমাদের।"
কৃষি সচিব সি কিউ কে মুসতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
এছাড়া আরো বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, কৃষি স
bdnews24