সাভার, ১৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মজুরি বাড়ানো ও বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সকালে সাভারের ঘোষবাগ এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।
এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা বেরিয়ে এসে পার্শ্ববর্তী ছয়টি কারখানা ভাংচুর করে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম।
ভাংচুরের ঘটনায় ওই ছয়টি কারখানাসহ আশপাশের ১৫-১৬টি কারখানা আজকের (মঙ্গলবারের) জন্য ছুটি ঘোষণা করা হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, মজুরি বাড়ানোর দাবিতে ঘোষবাগ এলাকার ম্যাকপাই নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছিল। সোমবারও শ্রমিকরা মজুরি বাড়ানো দাবি জানায়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারে একটি শাখার ১২০ জন শ্রমিকের মধ্যে ১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানলা-দরজার কয়েকটি কাচ ভাংচুর করে।
ওসি জানান, বিশৃঙ্খলা এড়াতে সকাল সাড়ে ৯ টার দিকে কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার কারখানা ছুটি ঘোষণা করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে বিশমাইল-জিরাব সড়ক অবরোধ করে।
এ সময় সড়কের পাশের আইরিশ ফ্যাশন, এ্যাকটিভ নিট ওয়্যার লিমিটেড, রেডিয়াস সোয়েটার, কন্টিনেন্টাল গামের্ন্টস ও লেদার এক্স গামের্ন্টসে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালা দরজার কাচ ভাংচুর করে।
ম্যাকপাই নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা সাংবাদিকদের জানান, অন্যান্য সোয়েটার কারখানায় মজুরি বাড়ানো হয়েছে। কিন্তু তাদের মজুরি বাড়ানোর বিষয়ে মালিক পক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
তারা জানান, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ বৈঠকে বসেছে।
বুধবার কারখানা খুলবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.
bdnews24