ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) আহবান উপেক্ষা করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে মঙ্গলবার হাইকোর্টে আরো দুটি রিট আবেদন হয়েছে।
বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চে একটি আবেদন করেন বাড্ডা থানার ভাটারা ইউনিয়ন পরিষদের দুই বাসিন্দা বাবুল শেখ ও সৈয়দ মহিউদ্দিন।
অপর আবেদনটি হয় বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে। এটি করেন ডিসিসির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানউল্লাহ হাসান।
আবেদনকারীরা তাদের আবেদনে বলেন, লালবাগ, গুলশান ও উত্তরা থানার প্রায় ৬ লাখ ভোটার সিটি কর্পোরেশনের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পর নির্বাচনের কার্যক্রম শুরুর আদেশ চান তারা।
ওই ৬ লাখ মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে কেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জানাতে বলেছে আদালত।
এর আগে সোমবার ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ চেয়ে করা একটি রিট আবেদনে হাইকোর্ট ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা না করার নির্দেশ দেয়।
জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে ৫ ফেব্র"য়ারি আরেকটি রিট আবেদন হয়।
মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন যেন পিছিয়ে না যায়, সে জন্য নতুন করে আদালতে কোনো ধরনের আবেদন না করার আহ্বান জানিয়ে আসছিলো নির্বাচন কমিশন।
আগামী মার্চ মাসে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইতিপূর্বে সাংবাদিকদের বলেছিলেন, ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ একটি জটিল কাজ। নির্বাচনের আগে তা করতে গেলে অনেক সময় লাগবে। বিষয়টি তারা আদালতে তুলে ধরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24