বাগেরহাট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলার দ্বিগরাজ বাজারে সোমবার দিবাগত রাতে আগুন লেগে গুদামসহ ১২টি দোকান পুড়ে গেছে।
এছাড়া আরো ১০টি দোকান আংশিক পুড়ে গেছে।
মংলা দমকল বাহিনীর দুইটি, নৌ-বাহিনীর একটি ও মংলা বন্দর কর্তৃপক্ষের একটি অগ্নিনির্বাপক ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর মংলা ইউনিটের স্টেশন কর্মকর্তা মো. রুস্তম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বাজরের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলনা বাণিজ্য ভাণ্ডারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আলমগীর হোসেনের খুলনা বাণিজ্য ভাণ্ডার ও এর গুদাম, অঞ্জন মণ্ডলের মুদি দোকান শোভন স্টোর, তপন শীলের সেলুন, আব্বাস জমাদ্দারের চায়ের দোকান ও মোবাইল ফোনের দোকান, শাহদাৎ হোসেনের চায়ের দোকান, সজল কুমার, নিত্যরঞ্জনের ও নরেন্দ্র কুমারের কাঁকড়ার আড়ত, হামিদ মিয়ার বসত বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান, সুরাজ চক্রবর্তীর চায়ের দোকান, মাহবুব হোসেনের মায়ের দোয়া রেঁস্তোরা এবং পার্থ হালদারের মোবাইল ফোনের দোকান।
প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান দমকল কর্মকর্তা রুস্তম আলী।
মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24