ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুব দল।
যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে বেলা সাড়ে ১২টার দিকে আট সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কাছে স্মারকলিপি জমা দেয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
ঢাকার ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার হোসেন গত ৯ ফেব্র"য়ারি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সভাপতি ছিলেন।
স্মারকলিপি পাওয়ার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "জনগণের নিরাপত্তা বিধান সরকারের দায়িত্ব। খুনের পর হত্যাকারীদের বিচারের আওতায় আনাও সরকারেরই কাজ।"
বিএনপি তাদের দলের প্রধান খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছে। যুবদল নেতারাও সে দাবির কথা তুলে ধরেন।
এ বিষয়ে টুকু সাংবাদিকদের বলেন, "নিয়মানুযায়ী তার যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা তা নিশ্চিত করা হয়েছে।"
তার নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হবে কি না- প্রশ্ন করা হলে তার উত্তর এড়িয়ে যান তিনি।
তবে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা তদন্ত করে দেখা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
সোমবার খালেদার গুলশানের কার্যালয়ের সামনে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার বস্তু দুটিতে ক্ষতি হওয়ার মতো কোনো বিস্ফোরক ছিলো না। তবে বিএনপির দাবি, ওই দুটি ককটেল ছিলো এবং খালেদাকে হত্যার উদ্দেশ্যই তা পেতে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24