ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সরকার কোনো ভুল করেনি- এ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, এতে জনগণের সম্মান পুনরুদ্ধার হয়েছে।
মন্ত্রিসভা সোমবার জিয়া বিমানন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল বিমানবন্দর করার সিদ্ধান্ত নেয়। বিএনপি এর প্রতিবাদ জানিয়ে আসছে।
বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার তাদের শাসনামলে দু'শ' স্হাপনার নাম পরিবর্তন করেছে। এসব স্হাপনার নাম আবার আগের নামে ফিরিয়ে আনা হবে।
"জিয়ার শাসনামলের কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বিমানবন্দরের নাম পরিবর্তন করে দেশের জনগণের সম্মান পুনরুদ্ধার করা হয়েছে। কোনো ভুল করা হয়নি।"
জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর ১৯৮৩ সালে বিমানবন্দরের নাম তার নামে করা হয়।
ফারুক বলেন, "নাম পরিবর্তনের রাজনীতি বিএনপি শুরু করেছিলো। বিগত আওয়ামী লীগ শাসনামলে নির্মিত বিশ্বের ১১তম বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর নামও তারা পরিবর্তন করে।"
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) যুক্তরাজ্য শাখার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর কথা হয়।
৮ সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জন অস্টিন এমপি। দলটি সোমবার সংসদ অধিবেশনও পর্যবেক্ষণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24