বগুড়া, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় মঙ্গলবার সকালে ট্রাকচাপায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনগণ তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত মশিউর রহমান বাপ্পী বগুড়া আর্মর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সকাল ৮টার দিকে শহরের সরকারি আযিযুল হক কলেজের পুরোনো ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে সাইকেল আরোহী বাপ্পীকে বালিবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ও সকাল ১১টা পর্যন্ত রংপুর-বগুড়া সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ট্রাক চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫৯ ঘ.
bdnews24