ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করে বলেন, "দিন বদলের রাজনীতির কথা বলে তারা (সরকার) এখন নাম বদল করছে।"
বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান তিনি।
মন্ত্রিসভা সোমবার জিয়া আন্তর্জাতিক বিমানন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল বিমানবন্দর করার সিদ্ধান্ত নেয়।
ফখরুল বলেন, "৩০ বছর আগে করা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সরকার রাজনৈতিক জিঘাংসা ও প্রতিহিংসার বহির্প্রকাশ ঘটিয়েছে।"
জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর ১৯৮৩ সালে বিমানবন্দরের নাম তার নামে করা হয়।
ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের দিকে এগোচ্ছে।
এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছে বিএনপি।
সোমবার খালেদার গুলশানের কার্যালয়ের সামনে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার বস্তু দুটিতে ক্ষতি হওয়ার মতো কোনো বিস্ফোরক ছিলো না। তবে বিএনপির দাবি, ওই দুটি ককটেল ছিলো এবং খালেদাকে হত্যার উদ্দেশ্যই তা পেতে রাখা হয়।
বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চলছে এবং 'মিথ্যা' মামলায় জড়ানো হচ্ছে দাবি করে তা বন্ধের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু গত ১৪ ফেব্র"য়ারি নাটোরে তার নিজ বাসায় হামলার চিত্র তুলে ধরেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই হামলা চালিয়েছে দাবি করে তিনি বলেন, হামলায় পর স্থানীয় থানা মামলাও নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনুও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২৪৫ ঘ.
bdnews24