মাদারীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের কালকিনি উপজেলায় সোমবার দুপুরে বিএনপি'র ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আছেন- উপজেলা বিএনপি'র সভাপতি ফজলুল হক বেপারী, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মুন্সী, দপ্তর সম্পাদক আবদুস ছালাম, সদস্য নাসিরউদ্দিন ফকির লিটন, নূরে আলম সান্টু, পৌর বিএনপি'র সহ-সভাপতি আবদুর জব্বার, কমী লিটন হোসেন, মো. সালাম, রেফাত, মামুন, জসিম।
এদের মধ্যে লিটন হোসেন ও মো. সালামকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
কালকিনি থানা পুলিশ বলেছে, তারা এ ব্যাপারে কিছু জানে না।
থানার ওসি মেহবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কই নাতো! এ রকম কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই।
"আমার জানা মতে বিএনপি'র উদ্যোগে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল, সেটা হয়নি, ঘটনাস্থলে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলাম।"
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, মিছিল থেকে বিএনপির লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালায়।
উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকও একই কথা বলেন।
স্থানীয়রা জানান, রাজধানীর গুলশানে বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা পাওয়ার ঘটনায় দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা ও পৌর বিএনপি সদরের সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
ওই মিছিলে হঠাৎ করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপি'র সভাপতি ফজলুল হক বেপারী কালকিনি প্রেসক্লাবে ঘটনার সংবাদ সম্মেলন করে হামলার নিন্দা জানান। তিনি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।
জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, "ঘটনা আমি শুনেছি। আমি এ ঘটনার নিন্দা জানাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24