ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক মোজাম্মেল হক পদত্যাগ করেছেন।
সোমবার দুপুরে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষক প্যানেল সাদা দলের সমর্থক অনুজীব বিজ্ঞান বিভাগের এ শিক্ষক পদত্যাগ করেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেনে।
তবে এখনো তার পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানান তিনি।
শুক্রবার শাহবাগের একটি মেস থেকে ৫৪ ধারায় ঢাবির ২১ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাখাওয়াত নামে একজনের মুক্তির ব্যাপারে থানায় সুপারিশ করেন মোজাম্মেল।
এ খবর জানতে পেরে ওই শিক্ষার্থীকে 'শিবিরকর্মী' আখ্যায়িত করে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
অবশ্য মোজাম্মেল হক দাবি করেছেন তদ্বির করার সময় সাখাওয়াতের রাজনৈতিক পরিচয় তার জানা ছিল না।
তিনি বলেন, "আমার বিভাগের ছাত্র হওয়ায় আমি তার মুক্তির জন্য সুপারিশ করেছি। রাজনৈতিক পরিচয় জানলে করতাম না।"
আটককৃতরা বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২০৫৭
bdnews24