২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুরের ঘটনায় বিএসএফ'র দুঃখ প্রকাশ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গোলাগুলিতে তিন বাংলাদেশি নাগরিক জখম হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

সিলেট, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্তে গোলাগুলিতে তিন বাংলাদেশি নাগরিক জখম হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার জৈন্তাপুরের বিবির হাওর এলাকায় বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলাগুলি হয়। এ সময় গুলিতে তিন বাংলাদেশি আহত হন। এ ঘটনায় সোমবার দুপুরে সিলেটের তামাবিল সীমান্তে বিডিআর ও বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। এ বৈঠকে বিএসএফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলে জানিয়েছেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার জহিরুল আলম। তিনি সাংবাদিকদের জানান, বিবির হাওর সীমান্তের বিরোধপূর্ণ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা প্রশমনে আগামী বুধবার তামাবিল সীমান্তে বিডিআর ও বিএসএফ'র মধ্যে মহাপরিচালক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এ সময় পর্যন্ত বিডিআর-বিএসএফ শান্তিপূর্ণ অবস্থানে থাকার ব্যাপারে বৈঠকে একমত পোষণ করা হয় বলেও তিনি জানান। লে. কর্নেল জহির জানান, দুপুর ১২ টায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআর এর পক্ষে নেতৃত্ব দেন তিনি। বিএসএফ'র পক্ষে ছিলেন- বাহিনীটির ব্যাটালিয়ন-১ এর কমান্ডিং অফিসার এস এফ তিরকে। তিনি বলেন, দুপক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। গত ৪ ফেব্র"য়ারি জৈন্তাপুরের একই সীমান্তে টহল দেওয়ার সময় এক বিডিআর জওয়ানকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.