২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালীকে সেনাবাহিনীতে ফেরত

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগেই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালীকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগেই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালীকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে তার পূর্ব কর্মস্থল সেনাবাহিনীতে ফেরত পাঠানোর জন্য সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়। গত প্রায় চার মাস ধরে তিনি রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়ার অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন। এদিন একজন অতিরিক্ত সচিব এবং প্রশাসনে কর্মরত তিন সেনা কর্মকর্তার পদেও রদবদল হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জেনারেল সিনা ইবনে জামালীকে গত অক্টোবর মাসে রাষ্ট্রদূত নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতদিন তিনি সেখানেই দায়িত্ব পালন করেন। সোমবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব একেএম আমির হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরুন দেব মিত্র (বিডি মিত্র) খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মেজর রাশেদ আলিকে। তাকে সেনা বাহিনীতে ফেরত পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ' প্রকল্পের সিস্টেম এনালিস্ট সেনা কর্মকর্তা মেজর গাজী নাহিদুজ্জামানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন মেজর আবু সালেহ মো. তৌফিকুর রহমান। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৯৪৮ ঘ.