২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ঘটনায় আরো ১১ শিবির আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুন এবং সশস্ত্র হামলা ও তাণ্ডবের ঘটনায় আরো ১১ ছাত্রশিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে প্রায় একশ' জামায়াত ও শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 01:44 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুন এবং সশস্ত্র হামলা ও তাণ্ডবের ঘটনায় আরো ১১ ছাত্রশিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে প্রায় একশ' জামায়াত ও শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। রোবাবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন। তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার মামলায় এদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন- গাফফার হোসেন, নাহিদ, সবুজ মিয়া, শফিকুল, কামরুজ্জামান, বাবর, দিলদার, রাজন, শিমুল, আনোয়ার ও রাব্বানী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুনের পর দেশব্যাপী চিরুণী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। ইতোমধ্যে রাজশাহীতে মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ জামায়াত ও শিবিরের কমপক্ষে ৯৭ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে আতাউর রহমানসহ ৪৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.