সিলেট, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে পুলিশের ওপর হামলা মামলায় আরো দুই ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সিলেটে ১৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হল।
নগরীর মদন মোহন কলেজ এলাকা থেকে সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।
এরা হলেন- দক্ষিণ সুরমার চান্দাইল গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে ইফতেখার আহমদ (১৮) ও নগরীর ভাতালিয়া এলাকার মইন উদ্দিনের ছেলে মুক্তার আহমদ (১৯)।
গত শুক্রবার নগরীর চৌহাট্টা ও কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ জামায়াত ও শিবিরের ৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা মদন মোহন কলেজের ছাত্র এবং শিবিরকর্মী। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
গত রোবরার দুপুরে এ মামলায় আরো দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- নরসিংদীর জামালিয়াকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯) ও গোলাপগঞ্জের পানিয়ারগাঁও গ্রামের জসিম উদ্দিনের ছেলে আশরাফুল হক (১৯)।
চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিনের খুনীদের গ্রেপ্তারের দাবিতে এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত শুক্রবার বাদ জুমা নগরীতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
ওইদিন ঘটনাস্থল থেকে আটক ১৮ জনের মধ্যে ১১ জনকে শিবিরকর্মী হিসেবে সনাক্ত করার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত সোমবার রাতভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। এ ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সারা দেশের চিরুণী অভিযানের নির্দেশ দেন।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানের সময় ফারুক হত্যা মামলার আসামি শিবির নেতা হাফিজুর রহমান শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পরদিন রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24