ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সপ্তাহের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশন বললেও হাইকোর্ট ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা না করার নির্দেশ দিয়েছে।
ওয়ার্ড সীমানা নিয়ে করা একটি রিট আবেদনে বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
একইসঙ্গে নির্বাচনের আগে জনসংখ্যা অনুপাতে ওয়ার্ড সীমানা কেন পুনর্র্নিধারণের আদেশ দেওয়া হবে না, তার কারণ জানাতে সরকার ও নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
এ জন্য ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত সময় নিয়ে সেদিনই আবেদনের পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন কমিশনের কৌঁসুলি শাহদীন মালিক। রিটকারী পল্লবী এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের পক্ষে ছিলেন আমীর উল ইসলাম।
আগামী মার্চ মাসে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার সাংবাদিকদের বলেছিলেন, এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।
গত ৭ ফেব্রুয়ারি এ রিট আবেদনটি করেন সাজ্জাদ। তিনি তার আবেদনে জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে আদালতের আদেশ চান।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আদালতের আদেশের কথা শুনেছি। আমরাও এ বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবো।"
মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন যেন পিছিয়ে না যায়, সে জন্য নতুন করে আদালতে কোনো ধরনের আবেদন না করার আহ্বান জানিয়েছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইতিপূর্বে সাংবাদিকদের বলেছিলেন, ওয়ার্ড সীমানা পুনর্র্নিধারণ একটি জটিল কাজ। নির্বাচনের আগে তা করতে গেলে অনেক সময় লাগবে। বিষয়টি তারা আদালতে তুলে ধরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫১০ ঘ.
bdnews24